মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

ভূমি দখলে অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে ভোলায় মানববন্ধন

শফিক খাঁন,ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬ ১৭:৫২

শেয়ার

ভূমি দখলে অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে ভোলায় মানববন্ধন
ছবি: বাংলা এডিশন

ভূমি দখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষক ও জমির মালিকরা।

বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বৈরাগী চরের শতাধিক নারী-পুরুষ অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ভূমি দখল, মাদক ব্যবসা ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বলেন, "মাদক যুবসমাজকে ধ্বংস করছে। অভিযুক্ত আনোয়ার ও সাইফুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।"

বক্তারা আরও দাবি করেন, এসব অভিযোগের কারণে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক ও জমির মালিকরা চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দেয়ার ঘোষণা দেন।