শুক্রবার

৭ আগস্ট, ২০২৬ ২২ শ্রাবণ, ১৪৩৩

সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের বের করে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগস্ট, ২০২৬ ১৫:৩৬

শেয়ার

সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের বের করে দেওয়ার অভিযোগ
ছবি সংগৃহীত

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে শরীয়তপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও এক ছাত্রনেতাকে লাঞ্ছিত ও মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা মারধরের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তারেক রহমান ও তাঁর পরিবারকে নিয়ে কটূক্তিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান চলাকালে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু (আদর) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে ধাক্কাধাক্কি করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিচ্ছেন।

হামলার শিকার জাকির হোসেন মিন্টু (আদর) দাবি করেন, সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার আগেই সেখানে হট্টগোল শুরু হয়। তিনি বলেন, উপস্থিত কয়েকজন বলছিলেন শরীয়তপুরে কোনো জুলাই যোদ্ধা নেই এবং এখানে কোনো আন্দোলন হয়নি। তিনি ভেতরে প্রবেশ করলে তাঁকে গালাগাল করে হামলা চালানো হয় এবং মারতে মারতে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়। এতে তাঁর মাথায় আঘাত লাগে বলেও দাবি করেন তিনি।

একই অভিযোগ করেন ইমরান আল নাজির। তিনি বলেন, জেলা প্রশাসকের আমন্ত্রণে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিএনপির কয়েকজন নেতাকর্মীর হামলার শিকার হন। তাঁর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই এ ঘটনা ঘটলেও তারা কোনো ব্যবস্থা নেননি।

অভিযোগের বিষয়ে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর বলেন, ৫ আগস্টের আন্দোলনে বিএনপির বড় ভূমিকা ছিল। তাঁর দাবি, ইমরান আল নাজিরসহ এনসিপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারকে নিয়ে কটূক্তি করে আসছেন। অনুষ্ঠানেও এমন মন্তব্য করায় কথা কাটাকাটির একপর্যায়ে তাঁদের বের করে দেওয়া হয়।

ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ঘটলেও অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির হোসেন এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, অনুষ্ঠান চলাকালে কোনো ঘটনা ঘটেনি। তাঁর ভাষ্য, এর আগে কিছু ঘটে থাকতে পারে। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে পরে জানানো হবে।



আরও পড়ুন:

banner close
banner close