সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের আশ্বাস দিয়ে এক কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া হুমায়ুন আহমেদ (৩০) উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে। তিনি রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদে ইমামতি করার সময় পাশের বাড়ির দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার পরিচয় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি ওই ছাত্রীকে বিভিন্ন সময় নিজের কাছে নিয়ে যান।
অভিযোগে বলা হয়েছে, গত ২৪ মে রাতে মসজিদসংলগ্ন কক্ষে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন হুমায়ুন। পরে বিষয়টি কাউকে জানালে ক্ষতির আশঙ্কা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এছাড়া গত ১৭ জুলাই দুপুরে নিজের বাসায় ডেকে নিয়ে আবারও তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত তাকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক চালিয়ে যান এবং স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করবেন বলেও প্রতিশ্রুতি দেন। তবে পরে বিয়ের বিষয়ে চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন।
এ ঘটনায় গত ২৬ জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানাকে নির্দেশ দেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, আদালতের নির্দেশনার পর মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন:








