প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেয়ার অভিযোগে দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বগুড়ায় আনা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, তানভীরকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর বগুড়ায় আনা হয়েছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার ঘটনাকে কেন্দ্র করে গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট দেন। অভিযোগ রয়েছে, পোস্টটিতে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে তিনি পোস্টটি মুছে ফেলে দুঃখ প্রকাশ করেন। তবে তার আগেই পোস্টটির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি তাকে দল থেকে অব্যাহতি দেয়।
এ ঘটনায় গত ৩ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফছুন আহমেদ খান রুবেল বাদী হয়ে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত ২৯ জুলাই প্রকাশিত ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানির পাশাপাশি জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করেই এ আইনি পদক্ষেপ নেয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তানভীরকে আদালতে হাজির করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








