মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬ ২০:৩৯

শেয়ার

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে হুমায়ুন তালুকদার নামে কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় সার্ভারের স্টপলিস্টে তাঁর নাম শনাক্ত হলে তাঁকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের বাসিন্দা এবং ওই উপজেলার কৃষক লীগের বহিষ্কৃত সভাপতি। তিনি গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বলেও ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। তাঁর পিতা আব্দুর রশিদ তালুকদার।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান বলেন, ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশন কার্যক্রম চলাকালে তথ্য যাচাইয়ে হুমায়ুন তালুকদারের নাম আইনশৃঙ্খলার বাহিনীর স্টপলিস্টে পাওয়া যায়। এরপর তাঁকে আটক করে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইমিগ্রেশন ও পুলিশ সূত্র জানায়, হুমায়ুন তালুকদারের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি ২০২৬ সালের ৮ জানুয়ারি দায়ের করা হয়। এতে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারাসহ দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করার সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মামলার প্রায় ৩৫ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, বিভিন্ন মামলার সব আসামির তথ্য এখনো ইমিগ্রেশনের নজরদারি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এ সুযোগে বিভিন্ন কৌশলে অনেক অভিযুক্ত ব্যক্তি সীমান্ত পেরিয়ে পালিয়ে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র অর্থের বিনিময়ে মামলার আসামিদের ভারতে পালাতে সহায়তা করছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করছে, সহযোগিতাকারীদের বড় অংশ এখনো আইনের আওতার বাইরে রয়েছে।



banner close
banner close