চুয়াডাঙ্গায় আইনজীবী পরিচয়ে প্রতারণা এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যরা তাদের আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক দুজন হলেন, কিশোরগঞ্জের বাসিন্দা সাগর আহমেদ, যিনি নিজেকে ঢাকা বার কাউন্সিলের আইনজীবী বলে পরিচয় দিতেন এবং দামুড়হুদা উপজেলার মজলিসপুর এলাকার মকবুল হোসেন, যিনি নিজেকে আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দিতেন।
অভিযোগ রয়েছে, তারা দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ, বিভিন্ন মামলার রায় পাইয়ে দেওয়ার আশ্বাস এবং আইনি সহায়তার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নেন। এভাবে তাদের বিরুদ্ধে প্রায় ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
ঘটনার পর একাধিক ভুক্তভোগী চুয়াডাঙ্গা সদর থানায় উপস্থিত হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ জানান। ভুক্তভোগীরা দাবি করেন, নানা ধরনের আইনি কাজের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও কোনো কাজই করে দেয়া হয়নি।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যরা বিষয়টি জানতে পেরে অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "আইনজীবী সমিতির সদস্যরা দুজনকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের থানায় নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত মামলা বা অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া সাগর আহমেদ প্রকৃতপক্ষে আইনজীবী কিনা, সেটিও যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:








