মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার হাসপাতাল ও এক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

শরিফুল ইসলাম,ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬ ১৭:১৭

শেয়ার

ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার হাসপাতাল ও এক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
ছবি: বাংলা এডিশন

ফরিদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার নাঈম উপস্থিত ছিলেন।

অভিযান শেষে বিভিন্ন অনিয়মের দায়ে আল-জারা প্রাইভেট হাসপাতাল, মেডিকেল প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে ভর্তি থাকা রোগীদের নিরাপদ চিকিৎসার স্বার্থে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে চিহ্নিত অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।