ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই যোদ্ধাদের তালিকায় যাদের নাম বাদ পড়েছে, তাদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে পুনরায় তালিকাভুক্ত করা হবে।
মঙ্গলবার সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা এবং আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রকৃত অনেক জুলাই যোদ্ধার নাম বিভিন্ন কারণে তালিকাভুক্ত হয়নি। তাদের তথ্য পুনরায় সংগ্রহ ও যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করার উদ্যোগ নেয়া হবে।
তিনি বলেন, সরকার সবসময় জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থাকবে। তাদের প্রাপ্য সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। একইসঙ্গে নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগের চেতনা পৌঁছে দিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন এবং ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার।
অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা জানানো হয়। এ সময় ২৬ জন আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক সহায়তার চেক তুলে দেন অতিথিরা।
এতে জেলা ও সিটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, জুলাইযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:








