মঙ্গলবার

৪ আগস্ট, ২০২৬ ২০ শ্রাবণ, ১৪৩৩

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় সাবেক সেনা সদস্য নিহত

আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি,বগুড়া

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬ ১৩:০৩

শেয়ার

বগুড়ায় প্রতিপক্ষের হামলায় সাবেক সেনা সদস্য নিহত
ছবি: সংগৃহীত

জমি ও গোচারণভূমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক সেনা সদস্য মোসলেম উদ্দিন প্রামানিক। এ ঘটনায় নিহতের পরিবার প্রতিপক্ষের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামে।

নিহত মোসলেম উদ্দিন প্রামানিক ওই গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমিজমা ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাত প্রায় ৮টার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা পান শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তাঁর গতিরোধ করে দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগ। এতে গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত প্রায় ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, গোচারণভূমি বিক্রিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তাঁর ভাইকে পরিকল্পিতভাবে একা পেয়ে হামলা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।



banner close
banner close