সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

সরাইলের কিশোর জিহাদ হত্যা: যৌথ অভিযানে আরও এক অভিযুক্ত গ্রেফতার

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬ ২২:৪৫

শেয়ার

সরাইলের কিশোর জিহাদ হত্যা: যৌথ অভিযানে আরও এক অভিযুক্ত গ্রেফতার
ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ ইসলাম জয় (১৬) হত্যা ও লাশ গুমের চেষ্টার ঘটনায় আরও এক অভিযুক্তকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ও র‍্যাব-১১-এর যৌথ আভিযানিক দল।

সোমবার (৩ আগস্ট) বিকেলে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৃষ্টিগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাইমন মিয়া (২০) নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তিনি নরসিংদী জেলার সৃষ্টিগড় এলাকার সুমন মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গত ১০ জুলাই ২০২৬ বিকেলে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকার বাসিন্দা জিহাদ ইসলাম জয় তার বাবার সঙ্গে মাছ ধরতে যান। একপর্যায়ে বাবা তাকে মাছ বাড়িতে পৌঁছে দিয়ে আবার মাছ ধরার স্থানে ফিরে আসতে বলেন। জিহাদ মাছ দিয়ে বাড়ি থেকে বের হলেও আর ফিরে আসেননি।

রাত পর্যন্ত ছেলের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড় সংলগ্ন একটি ঝোপের ভেতর থেকে জিহাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সরাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

র‍্যাব জানায়, তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ (সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া) এবং র‍্যাব-১১ (সিপিএসসি, নরসিংদী)-এর যৌথ দল সোমবার বিকেল ৪:৪৫ মিনিটে অভিযান চালিয়ে মামলার তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া সাইমন মিয়াকে গ্রেফতার করে।

এর আগে একই মামলায় র‍্যাব-৯ পৃথক অভিযানে আরও দুইজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল।

গ্রেফতারকৃত সাইমন মিয়াকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



banner close
banner close