বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ২৫৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা, দেশপ্রেম, শৃঙ্খলা এবং আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জনকল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
আরও পড়ুন:








