সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

নতুন কুঁড়ি-২০২৬'-এ দ্বীতিয় স্থান বিজয়ী তিশাকে বিদ্যালয়ের সংবর্ধন

শেখ বেলাল, হবিগঞ্জ

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬ ১৭:৫৯

শেয়ার

নতুন কুঁড়ি-২০২৬'-এ দ্বীতিয় স্থান বিজয়ী তিশাকে বিদ্যালয়ের সংবর্ধন
ছবি: বাংলা এডিশন

'নতুন কুঁড়ি-২০২৬' জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বালিকা বিভাগের ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী শায়েস্তাগঞ্জ উপজেলার মোজাহের উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছা. তিশা আক্তারকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও অভিনন্দন অনুষ্ঠানে উপজেলা আইসিটি কর্মকর্তা মো. কাউছার আহমেদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবরের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. কাউছার শোকরানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণডোরা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান ইনু, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আজিজুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামিম আহমেদ নাছির, যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ মনির এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খলিলুর রহমান মাসুম।

বক্তারা বলেন, তিশা আক্তারের এই অর্জন শুধু মোজাহের উচ্চ বিদ্যালয়ের নয়, সমগ্র হবিগঞ্জ জেলার জন্য গর্বের বিষয়। বিদ্যালয়ে নিজস্ব কোনো খেলার মাঠ না থাকা সত্ত্বেও সীমিত সুযোগ-সুবিধার মধ্যে অনুশীলন করে সে জাতীয় পর্যায়ে রৌপ্য পদক অর্জন করেছে, যা অন্য শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

তারা আরও বলেন, বিদ্যালয়ে একটি মানসম্মত খেলার মাঠ নির্মাণ করা হলে শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলনের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ভালো ফল অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনতে সক্ষম হবে। তাই শিক্ষার্থীদের খেলাধুলার বিকাশ ও নতুন প্রজন্মের ক্রীড়াবিদ তৈরির স্বার্থে দ্রুত বিদ্যালয়ের জন্য একটি আধুনিক খেলার মাঠ নির্মাণের দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানের শেষে জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিশা আক্তারের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানজুড়ে তিশা আক্তারের সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ বিরাজ করে। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, তিশার এই কৃতিত্ব অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলায় আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।



banner close
banner close