সোমবার

৩ আগস্ট, ২০২৬ ১৯ শ্রাবণ, ১৪৩৩

হবিগঞ্জ সীমান্তে ১৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬ ১০:২৫

শেয়ার

হবিগঞ্জ সীমান্তে ১৫ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে অভিযান চালিয়ে ১৫ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে পৃথক দুটি অভিযানে ভারতীয় চিনি ও রসুনও জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২ হাজার ৫০০ টাকা।

রবিবার রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির একটি টহল দল রাত ৮টার দিকে সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাঁশপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে একটি মোটরসাইকেলে করে বস্তাভর্তি মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে পাচারকারীরা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বাজাজ পালসার মোটরসাইকেলটি তল্লাশি করে একটি বস্তার ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এদিকে একই দিন বিকেল ৫টার দিকে ৫৫ বিজিবির বাল্লা ও সিন্দুরখান বিওপির পৃথক টহল দল সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিমাইলত ও বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাকারবারীদের লুকিয়ে রাখা মালিকবিহীন দুটি বস্তা থেকে ৪৫ কেজি ভারতীয় চিনি এবং ১৬ কেজি রসুন জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত জুলাই মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১৩২ কেজি ভারতীয় গাঁজা, ২১৯ বোতল ভারতীয় মদ, ১০ বোতল এসকাফ সিরাপ, ৬ লিটার বাংলা মদ ও ৫ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করা হয়।

৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।



banner close
banner close