মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩ আশ্বিন, ১৪৩৩

হবিগঞ্জের লাখাইয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬ ১০:২০

শেয়ার

হবিগঞ্জের লাখাইয়ে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিব মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার পূর্ব সিংহ (কামড়াপুর) গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাবিব ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে পূর্ব সিংহ গ্রামের খেলার মাঠে মায়ের সঙ্গে গোবরের চটা (খড় ও গোবরের তৈরি জ্বালানি) তৈরির কাজ করছিলেন হাবিব। একপর্যায়ে মাঠের পাশের একটি পুকুর থেকে পানি আনতে যান তিনি। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ফিরে না আসায় পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় এক নারী পুকুরে হাবিবের মরদেহ ভাসতে দেখে চিৎকার করলে স্বজন ও এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, হাবিব দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। তাদের ধারণা, পুকুরে পানি তুলতে গিয়ে হঠাৎ খিঁচুনি উঠলে তিনি পানিতে ডুবে যান।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, 'এ বিষয়ে আমার কাছে এখনো কোনো তথ্য আসেনি।'