চট্টগ্রামের মিরসরাই উপজেলার চৌধুরীহাট বাজার এলাকায় দ্রুতগতির একটি মাছবাহী পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ধর্মীয় ব্যক্তিত্ব নিহত হয়েছেন। নিহতরা উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া জামে মসজিদের খতিব ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
রবিবার দুপুরে জোরারগঞ্জ থানাধীন চৌধুরীহাট বাজারের তুম্পা ফার্মেসির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও দরগাপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা জহির উদ্দিন (৫২) এবং জোরারগঞ্জ উপজেলার ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরশত এলাকার বাসিন্দা ও একই মসজিদের খতিব মাওলানা জয়নাল আবেদীন (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুইজন একটি মোটরসাইকেলে জোরারগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে জরুরি প্রয়োজনে চৌধুরীহাট বাজারের তুম্পা ফার্মেসির সামনে মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা মাছবাহী পিকআপ তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি পালিয়ে যায়। যানটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







.jpg)
