রবিবার

২ আগস্ট, ২০২৬ ১৮ শ্রাবণ, ১৪৩৩

হাসপাতালের সামনে থেকে দিনদুপুরে নিয়মিত চুরি হয় যানবাহন

আব্দুল হাই, জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬ ১৪:০০

শেয়ার

হাসপাতালের সামনে থেকে দিনদুপুরে নিয়মিত চুরি হয় যানবাহন
ছবি সংগৃহীত

জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল প্রাঙ্গন থেকেই ধারাবাহিকভাবে মোটরসাইকেল, অটোভ্যান ও ভ্যান চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। চিকিৎসা নিতে এসে যানবাহন হারানোর আতঙ্কে রয়েছেন রোগী, স্বজন ও স্থানীয়রা।

ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের সামনে মোটরসাইকেল বা ভ্যান রেখে চিকিৎসা নিতে ভেতরে গেলেই ফিরে এসে অনেকেই আর তাদের যানবাহন খুঁজে পান না। সাম্প্রতিক সময়ে এমন একাধিক চুরির ঘটনায় সেবা নিতে আসা মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই হাসপাতাল প্রাঙ্গণে ধারাবাহিকভাবে যানবাহন চুরি হচ্ছে। কিন্তু কার্যকর নজরদারি, নিরাপত্তা জোরদার কিংবা চোরচক্র শনাক্তে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। অনেকের অভিযোগ, হাসপাতালের কিছু সিসিটিভি ক্যামেরাও অকার্যকর।

দেশের অন্যান্য হাসপাতালের মতো কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিরাপত্তার দায়িত্বে রয়েছে ১০ জন আনসার সদস্য। তবে, তাদের উপস্থিতিতেও চুরি বন্ধ না হওয়ায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. শরীফ হোসেনের বক্তব্য নিতে চাইলে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি।

সাম্প্রতিক চুরির ঘটনা

সর্বশেষ শনিবার (২৫ জুলাই) দুপুরে হাসপাতাল প্রাঙ্গন থেকেই একটি ভ্যান চুরি হয়। অভিযোগ রয়েছে, ঘটনাটি ঘটে নিরাপত্তাকর্মীদের উপস্থিতিতেই। এই ঘটনার পর স্থানীয়দের উদ্বেগ আরও বেড়েছে।

ভুক্তভোগী আব্দুল মজিদ বাংলা এডিশনকে জানান, আহত নাতিকে জরুরি বিভাগে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের সামনে ভ্যান রেখে ভেতরে যান। মাত্র কয়েক মিনিট পর ফিরে এসে দেখেন, ভ্যানটি নেই।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাহিদ নাজনীন বাংলা এডিশনকে জানান, পুরো হাসপাতাল সিসিটিভি ক্যামেরার আওতায় থাকলেও কয়েকটি ক্যামেরায় ত্রুটি রয়েছে। সেগুলো দ্রুত সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।

পুলিশের বক্তব্য

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলা এডিশনকে জানান, হাসপাতাল থেকে ভ্যান চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

প্রশাসনের উদ্যোগ

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহবুব বাংলা এডিশনকে জানান, হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে সিসিটিভি ব্যবস্থার উন্নয়ন এবং যানবাহন রাখার জন্য একটি নির্ধারিত গ্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।



banner close
banner close