শনিবার

১ আগস্ট, ২০২৬ ১৭ শ্রাবণ, ১৪৩৩

লুডুর বোর্ড থেকে রণক্ষেত্র: ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত এক ও আহত ১৫

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬ ১৭:৪৮

শেয়ার

লুডুর বোর্ড থেকে রণক্ষেত্র: ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত এক ও আহত ১৫
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বন্ধেরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামদু মিয়া ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে হামদু মিয়ার ছেলে নিরব (১১) ও একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২)-এর মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এ সময় নিরবের লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় গুরুতর জখম হয়।

এর জের ধরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ উঠে। হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলেই হামদু মিয়ার মৃত্যু হয়। এ সময় তার ছেলে হাসান (৮) গুরুতর আহত হয়।

এ ছাড়া লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া, ইসলাম মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



banner close
banner close