শনিবার

১ আগস্ট, ২০২৬ ১৭ শ্রাবণ, ১৪৩৩

মিয়ানমারে পাচারের পথে বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬ ১১:২০

শেয়ার

মিয়ানমারে পাচারের পথে বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২৩
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেয়া বিপুল পরিমাণ ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ২৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার সকালে কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কোস্ট গার্ড জানায়, গত শুক্রবার পতেঙ্গা থানার বহির্নোঙর ও ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব সার জব্দ এবং পাচারকারীদের আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে বহির্নোঙর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক দুইটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০টার দিকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের একটি দল।

এ সময় কোস্ট গার্ডের অভিযানের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ৪৫০ বস্তা সারে মোট ২২ হাজার ৫০০ কেজি সার ছিল। এর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটিও জব্দ করা হয়েছে।

জব্দ করা সার, কার্গো বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close