ব্রাহ্মণবাড়িয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিক্সাও জব্দ করা হয়।
শুক্রবার র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪:৪০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর এলাকার হুজুরবাড়ির মোড় এলাকায় একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সুলতানপুর থেকে রেলওয়ে স্টেশনের দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে থামানোর সংকেত দিলে তাতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করেন। পরে তাদের সঙ্গে থাকা দুটি শপিং ব্যাগ তল্লাশি করে নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সাটিও জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের মো. স্বপন মিয়া, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শুম্ভুপুর গ্রামের আছমা বেগম এবং একই এলাকার বকুল বেগম।
র্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পরের যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
র্যাব আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








