মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

শেখ বেলাল, হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ১২:১৭

শেয়ার

৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ নিয়ে চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির অভিযানে মোট ১৩২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই রাত ১টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নোয়াগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন চোরাকারবারী ভারত থেকে কয়েকটি বস্তায় করে মাদক বহন করে নিয়ে আসছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া দিলে চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে মোট ১৩২ কেজি ভারতীয় গাঁজা, ২১৯ বোতল ভারতীয় মদ, ১০ বোতল এসকাফ সিরাপ, ৬ লিটার বাংলামদ এবং ৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। একই সময়ে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ৭ জনকে আটক করা হয়েছে।

জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে বাহিনীটি।