চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে মো. আব্দুল্লাহ নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদি আস্করিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই এলাকার মো. আব্দুল গফুরের ছেলে। তিনি স্থানীয় দক্ষিণ জলদি আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
শিশুটির চাচা শাহ্ আলম মাঝি জানান, সকালে স্থানীয় মাদরাসা থেকে বাড়ি ফিরে আব্দুল্লাহ বাড়ির প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে দোকানে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির বাইরে তার জুতা দেখতে পেয়ে আশপাশে অনুসন্ধান চালানো হয়। পরে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। সেখান থেকে দ্রুত উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, সকালে শিশুটিকে হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন:








