ব্রাহ্মণবাড়িয়া শহরে অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে আট সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত ৭টি স্মার্টফোন, অনলাইন জুয়ার হিসাব সংরক্ষণের একটি খাতা এবং নগদ ৬০ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-৯ জানায়, অপরাধ দমন, মাদক উদ্ধার, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত প্রায় ৯টার দিকে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সদর উপজেলার কালিবাড়ি মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শহরের নিউ মার্কেট এলাকায় একটি সংঘবদ্ধ চক্র অনলাইনে জুয়া খেলছে।
খবর পেয়ে রাত আনুমানিক ৯:১৫ মিনিটে র্যাবের সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ৮ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করার কথা স্বীকার করেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সুজন দেবনাথ, ঝন্টু কর্মকার, মো. জহর, মো. আলামিন, মো. কায়েস মিয়া, শাহাদাত হোসেন চৌধুরী, সালমান ভূঁইয়া এবং মো. আকরাম হোসেন। তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়।
র্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়া পরিচালনার বিভিন্ন আলামত পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাজি, ওয়ান এক্স বেট সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমে জুয়া খেলার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র্যাব।
অভিযানে জব্দ করা হয়েছে জুয়া খেলায় ব্যবহৃত ৭টি স্মার্টফোন, অনলাইন লেনদেনের হিসাব সংরক্ষণের একটি খাতা এবং নগদ ৬০ হাজার ৭১০ টাকা।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও সন্ত্রাস, মাদক এবং অনলাইন অপরাধবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:








