বৃহস্পতিবার

৩০ জুলাই, ২০২৬ ১৪ শ্রাবণ, ১৪৩৩

ফেসবুক স্ট্যাটাসের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ

নুর মোহাম্মদ, কক্সবাজার জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ০০:২৮

শেয়ার

ফেসবুক স্ট্যাটাসের জেরে সাংবাদিককে হুমকির অভিযোগ
ছবি সংগৃহীত

কক্সবাজারে সাবেক র‌্যাব কর্মকর্তা খাইরুল ইসলামের কথিত অপরাধমূলক কর্মকাণ্ডের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর সাংবাদিক ইমাম খায়ের হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুলাই রাতে ০১৮৪০৩৩৩৩৭৭ নম্বর থেকে ফোন করে এক ব্যক্তি নিজেকে সাবেক র‌্যাব-১৫-এর অধিনায়ক খাইরুল ইসলামের আত্মীয় পরিচয় দিয়ে সাংবাদিক ইমাম খায়েরকে হুমকি দেন। পরদিন ২৯ জুলাই তিনি কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডির নম্বর ১৯৬৮/২৬। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করেন।

সাংবাদিক ইমাম খায়ের কক্সবাজার প্রেসক্লাবের সদস্য এবং দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় কর্মরত। পাশাপাশি তিনি পরিবেশ ও মানবাধিকারবিষয়ক বিভিন্ন সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত।

অভিযোগে তিনি দাবি করেন, ২০২১ সালে র‌্যাব-১৫-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনকালে খাইরুল ইসলামের কথিত আইনবহির্ভূত কর্মকাণ্ডের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে তাকে এই হুমকি দেওয়া হয়েছে।

ঘটনার পর কক্সবাজারের বিভিন্ন সাংবাদিক সংগঠন এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। কক্সবাজার প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক সংসদ কক্সবাজারের নেতারা হুমকিদাতাকে দ্রুত শনাক্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সাংবাদিক নেতারা বলেন, মতপ্রকাশের কারণে একজন সাংবাদিককে হুমকি দেওয়া উদ্বেগজনক এবং এটি গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।



banner close
banner close