মঙ্গলবার

২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৪ আশ্বিন, ১৪৩৩

বাঞ্ছারামপুরে বালুর ঢিবি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার: তদন্তে র‍্যাব-৯

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ১৪:১২

শেয়ার

বাঞ্ছারামপুরে বালুর ঢিবি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার: তদন্তে র‍্যাব-৯
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

মঙ্গলবার বিকেল আনুমানিক ৪:৪০ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দড়িকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকার একটি বালুর ঢিবির পাশে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছে আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে বালুর ঢিবির পাশের একটি গর্ত থেকে নীল রঙের শপিং ব্যাগের ভেতরে খাকি কাপড়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তবে অভিযানকালে উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং কারা এটি রেখে গেছে, তা উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে বাঞ্ছারামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের দাবি, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়াসহ দায়িত্বপূর্ণ এলাকায় তাদের অভিযানে মোট ৫০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, ৪টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি ও ১৫৫টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৯ আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।