বুধবার

২৯ জুলাই, ২০২৬ ১৪ শ্রাবণ, ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার আহ্বান: এমপি খালেদ হোসেন মাহবুব

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ১৪:০৫

শেয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতার আহ্বান: এমপি খালেদ হোসেন মাহবুব
ছবি: সংগৃহীত

"আসুন, সামাজিকভাবে মাদককে প্রতিরোধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে একটি মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক সভা। সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তাররোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, "মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সচেতন সমাজই পারে মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে।"

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে নিয়মিত সামাজিক উদ্যোগ, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নৈতিক শিক্ষার প্রসার প্রয়োজন। প্রতিটি পরিবারকে সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে মাদকের ভয়াল থাবা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সচেতনতা বৃদ্ধির এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।



banner close
banner close