মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬ ১৩ শ্রাবণ, ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার আগুনে নিহত ৬ বাংলাদেশি, একই গ্রামের তিনজন

রবিউল ইসলাম নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৮:২০

শেয়ার

দক্ষিণ আফ্রিকার আগুনে নিহত ৬ বাংলাদেশি, একই গ্রামের তিনজন
ছবি সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজনই নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার গভীর রাতে দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে প্রবাসী বাংলাদেশি রতনের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ছয় বাংলাদেশির মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিহত তিনজন হলেন নারায়ণগঞ্জের ক্রোকেরচর গ্রামের ফাহিম, আপন আহমেদ ও নুর মোহাম্মদ। এছাড়া নিহতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের তৈলখিরার চরের ফয়সাল, বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সীগঞ্জের মিরকাদিমের কালিন্দিপাড়ার রাজিক।

স্বজনদের ভাষ্য, রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগার সময় ফাহিমসহ কয়েকজন ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে অবস্থান করছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারেননি এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জীবিকার সন্ধানে বহু বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন নিহতরা। পরিবারের আর্থিক অবস্থার উন্নতি এবং স্বজনদের স্বপ্ন পূরণের আশায় তারা প্রবাসজীবন বেছে নিয়েছিলেন। তবে সেই স্বপ্ন অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে শেষ হয়ে গেল।

ঘটনার পর দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে নারায়ণগঞ্জের ক্রোকেরচর গ্রামে একই সঙ্গে তিন প্রবাসীর মৃত্যুর খবর পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়।

স্বজনরা দ্রুত নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। গ্রামের মানুষও শেষবারের মতো প্রিয়জনদের দেশে এনে দাফনের অপেক্ষায় রয়েছেন।



banner close
banner close