মঙ্গলবার

২৮ জুলাই, ২০২৬ ১৩ শ্রাবণ, ১৪৩৩

সিরাজগঞ্জে আমরণ অনশনে ছাত্রদল নেতার পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১৭:৪৪

শেয়ার

সিরাজগঞ্জে আমরণ অনশনে ছাত্রদল নেতার পরিবার
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে আমরণ অনশনে বসেছেন সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবার ও স্বজনরা। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কারের দাবিতে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেন।

হুমকির অভিযোগ

পরিবারের অভিযোগ, গত রবিবার রাতে ছানোয়ার হোসেন সানু মুঠোফোনে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন। একই সঙ্গে জিসানের বাবা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকিও দেন।

অভিযোগে আরও বলা হয়, ওই হুমকির কল রেকর্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। রেকর্ডটি নিয়ে করা মন্তব্যে অনেকেই স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পরিবারের বক্তব্য

শাফিন আহমেদ জিসানের মা শাপলা আহমেদ সাংবাদিকদের বলেন, ছানোয়ার হোসেন সানু তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা এবং তার স্বামীর পা কেটে ফেলার হুমকি দিয়েছেন। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ করা হলেও পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করেনি। অভিযুক্তকে গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কার না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

তিনি আরও বলেন, তার ছেলে ও স্বামীকে হত্যার হুমকি দিয়ে অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন।

অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন জিসানের দাদি ও সাবেক কাউন্সিলর বেগম খোদেজা মান্নান, চাচা ও জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্না, বাবা ও সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম ইন্নাসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনরা।

এর আগে একই দাবিতে সোমবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন তারা।



banner close
banner close