চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (ফুড প্যাক) বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী।
মঙ্গলবার সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মাছরাঙা কমিউনিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ছনুয়া, শেখেরখীল, চাম্বল ও পুঁইছড়ি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। সভাপতিত্ব করেন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম এবং সঞ্চালনা করেন সংস্থাটির ডেপুটি ডিরেক্টর ওসমান গনি সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালীতে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ তাদের বসতঘর হারিয়েছেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রত্যাশী যে মানবিক সহায়তা দিচ্ছে, তার জন্য তিনি সংস্থাটিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে সরকারের পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রত্যাশীর মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক নাছিম হায়দার শাহীন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মাজেদুল ইসলাম, সিনিয়র ম্যানেজার মো. খোরশেদ আলম, সিনিয়র ম্যানেজার হোসেন আহমেদ, পুঁইছড়ি আদর্শ সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মো. জসিম উদ্দিন, দক্ষিণ পুঁইছড়ি স্বপ্নচূড়ার উপদেষ্টা নোমানুল হক, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, প্রত্যাশীর কর্মকর্তারা এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।
প্রত্যাশী কর্তৃপক্ষ জানায়, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি বর্তমানে দেশের ৩০০টিরও বেশি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষা থেকে ঝরে পড়া শিশু-কিশোরদের পুনরায় শিক্ষার আওতায় আনা, পুনর্বাসন, ত্রাণ সহায়তা এবং বিভিন্ন মানবিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন:








