মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে সাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে চাচার হাসুয়ার কোপে নাহিদ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত নাহিদ হোসেন ভিটাপাড়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তার চাচা একই গ্রামের নুরুল ইসলামের ছেলে লালন হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই রাতে লালন হোসেনের বাড়ি থেকে একটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় লালন তার ভাইয়ের ছেলে নাহিদকে সাইকেল চুরির জন্য অভিযুক্ত করেন। এ নিয়ে ওই রাতে চাচা-ভাতিজার মধ্যে বাকবিতণ্ডা হয়। পরদিন ২৭ জুলাই বিষয়টি নিয়ে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লালন হাতে থাকা হাসুয়া দিয়ে নাহিদকে এলোপাতাড়ি কোপান। এতে নাহিদ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:








