সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি, ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি এবং তার মাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানির হুমকির অভিযোগে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শাফিন আহমেদ জিসানের মা শাপলা আহমেদ। পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপও কামনা করেন তিনি। পাশাপাশি দাবি বাস্তবায়ন না হলে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন।
সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তুলে ধরেন শাপলা আহমেদ।
অভিযোগে যা বলা হয়েছে
শাপলা আহমেদ অভিযোগ করেন, রবিবার (২৬ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু ফোন করে তার ছেলে শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন। একই সঙ্গে তাকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তার স্বামী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেন। একজন মা, স্ত্রী ও নারী হিসেবে এ ঘটনায় তার সম্মানহানি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার একটি কল রেকর্ড ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনার প্রেক্ষাপট
সংবাদ সম্মেলনে শাপলা আহমেদ দাবি করেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদকের সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পরে তার ছেলে একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সেটি ফেসবুকে পোস্ট করলে ছানোয়ার হোসেন সানু ফোনে হত্যার হুমকি দেন এবং তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
তিনি তার ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু এবং তার ভাই সনি আহমেদ শামীমকে গ্রেপ্তারের দাবি জানান। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন।
আগের অভিযোগ ও উপস্থিত ব্যক্তিরা
শাপলা আহমেদ জানান, এর আগে ১৪ জুন পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেন তার স্বামী ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। এ ছাড়া তিনি সিরাজগঞ্জের পুলিশ সুপারের কাছেও একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাফিন আহমেদ জিসানের দাদি ও সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, সিরাজগঞ্জ জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন:








