সোমবার

২৭ জুলাই, ২০২৬ ১২ শ্রাবণ, ১৪৩৩

মহাসড়কে অবাধ সিএনজি চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

জসীম উদ্দীন, চাপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৩:৫৫

শেয়ার

মহাসড়কে অবাধ সিএনজি চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচলের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, সৃষ্টি হচ্ছে যানজট এবং দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রী ও চালকেরা। দ্রুত এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একদিকে দ্রুতগতির বাস ও ট্রাক, অন্যদিকে ধীরগতির সিএনজিচালিত অটোরিকশা। একই মহাসড়কে এমন বৈপরীত্যপূর্ণ যান চলাচলের কারণে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন হাজারো মানুষ।

বাড়ছে ঝুঁকি ও জনদুর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলা থেকে প্রতিদিন শত শত সিএনজিচালিত অটোরিকশা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে চলাচল করছে। দ্রুতগতির ভারী যানবাহনের জন্য নির্ধারিত মহাসড়কে ধীরগতির এসব যান চলাচল করায় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে একদিকে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা।

স্থানীয়দের অভিযোগ, কার্যকর নিয়ন্ত্রণের অভাবে মহাসড়কে দিন দিন সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা বাড়ছে। অনেক চালকের প্রয়োজনীয় অনুমোদন বা লাইসেন্সও নেই। ফলে তারা নিয়ম-নীতির তোয়াক্কা না করেই মহাসড়কে চলাচল করছেন।

বিআরটিএর বক্তব্য

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, মহাসড়কে অনিয়ন্ত্রিত সিএনজি চলাচল নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি এসব যানবাহনকে লাইসেন্সের আওতায় আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক শাহজামাল এ তথ্য জানান।

পুলিশের সীমাবদ্ধতা

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, অভিযান পরিচালনা করা হলেও দীর্ঘমেয়াদে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। কারণ জব্দ করা সিএনজিচালিত অটোরিকশা রাখার জন্য জেলায় এখনো কোনো ডাম্পিং স্টেশন নেই। ফলে অনেক ক্ষেত্রেই আইনি ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ছে।

দ্রুত সমাধানের দাবি

সচেতন মহলের মতে, মহাসড়কে অনিয়ন্ত্রিত সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুধু দুর্ঘটনার ঝুঁকিই বাড়াচ্ছে না, প্রতিদিন হাজারো যাত্রীকে দুর্ভোগে ফেলছে। তারা দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ, নিয়মিত অভিযান পরিচালনা, লাইসেন্স নিশ্চিতকরণ এবং বিকল্প সড়কে সিএনজি চলাচলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তাদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মহাসড়ক আরও নিরাপদ হবে এবং জনদুর্ভোগ কমবে।



banner close
banner close