গাজীপুরের টঙ্গীতে ছিনতাই হওয়া মোবাইল ফোনের ‘লাইভ লোকেশন’ ট্র্যাক করে চার সদস্যের একটি ছিনতাইকারী চক্রকে আটক করা হয়েছে।
রবিবার বিকেলে আবদুল্লাহপুর এলাকা থেকে ফোন ছিনতাইয়ের পর স্থানীয় জনতা ও পুলিশের যৌথ অভিযানে ছিনতাই হওয়া ফোনসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে আবদুল্লাহপুর এলাকা থেকে এক পথচারীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই ভুক্তভোগী তার মোবাইলের লাইভ লোকেশন ট্র্যাক করা শুরু করেন। ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখা যায়, ফোনটির সর্বশেষ অবস্থান রয়েছে টঙ্গীর খাঁ-পাড়া শান্তি নিবাস এলাকার একটি বাড়িতে।
বিষয়টি জানাজানি হওয়ার পর টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে স্থানীয় এলাকাবাসী একজোট হয়ে ওই বাড়িটি ঘেরাও করেন। পরবর্তীতে টঙ্গী পশ্চিম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হানিফ মাহমুদের সহযোগিতায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে চার ছিনতাইকারীকে হাতেনাতে আটক এবং ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সোহেল রানা, মো. রনি, রাসেল এবং হিরা। তাদের সবার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দশাল এলাকায়। তারা দীর্ঘদিন ধরে টঙ্গী পশ্চিম থানার খাঁ-পাড়া এলাকায় মুন্নার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ছিনতাইকৃত ফোনসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বেশ কিছু মোবাইল সিম কার্ড উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
আরও পড়ুন:








