রবিবার

২৬ জুলাই, ২০২৬ ১১ শ্রাবণ, ১৪৩৩

নীলফামারীতে রাস্তা সংস্কারের কাজ শুরুর দাবীতে রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৯:৪৬

শেয়ার

নীলফামারীতে রাস্তা সংস্কারের কাজ শুরুর দাবীতে রাস্তা অবরোধ
ছবি: সংগৃহীত

নীলফামারীতে রাস্তা সংস্কার কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত কাজ শুরুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার দুপুরে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে নীলফামারী-জলঢাকা সড়কের লোহার পুল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের ফলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরে থানা পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, ইটাখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লোহার পুল জামে মসজিদ থেকে থানা ঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে চলতি বছরের মার্চ মাসে মেসার্স সবুজ ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। তবে প্রায় এক মাস কাজ করার পর নানা অজুহাতে গত পাঁচ মাস ধরে সংস্কারকাজ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ফলে হাজারো মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, 'রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা ভেবেছিলাম দুর্ভোগ শেষ হবে। কিন্তু এক মাস কাজ করে ঠিকাদার চলে গেছে। পাঁচ মাস ধরে কোনো কাজ নেই। এখন রাস্তার অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে।'

গৃহিণী রোকেয়া বেগম বলেন, ' বৃষ্টি হলেই রাস্তায় হাঁটা যায় না। শিশুদের স্কুলে যেতে কষ্ট হয়, রোগী নিয়ে হাসপাতালে যেতে ভয় লাগে। দ্রুত কাজ শেষ করার দাবি জানাই।'

কৃষক আব্দুস সামাদ বলেন, 'কৃষিপণ্য বাজারে নিতে অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। অনেক যানবাহন এই রাস্তা দিয়ে চলতে চায় না। এতে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। দ্রুত কাজ শুরু না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।'

বক্তারা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। তারা দ্রুত সড়কটির সংস্কারকাজ পুনরায় শুরু করতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, 'রাস্তাটির সংস্কারকাজ শুরু হওয়ার পর বর্ষা মৌসুম শুরু হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। ইতোমধ্যে তাদের পুনরায় কাজ শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি, খুব দ্রুতই সংস্কারকাজ আবার শুরু হবে।'



banner close
banner close