নেত্রকোণা সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মাহফুল মিয়া ওরফে মাসুল নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার ভোরে নিজ বসতঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহফুল মিয়া দুআনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে মাহফুল রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান। রবিবার ভোর আনুমানিক ৫টার দিকে তার মা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে ঘরে প্রবেশ করলে মাহফুলকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, প্রতিবেশী শফিকুল ইসলাম, পিতা-সুরুজ আলী, মাতা-সমলা আক্তারের সঙ্গে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করার পর ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন:








