রবিবার

২৬ জুলাই, ২০২৬ ১১ শ্রাবণ, ১৪৩৩

এক বছর ধরে গ্যাস সংকটে টঙ্গীর ৫৩ নং ওয়ার্ড বাসী,তিতাস অফিস ঘেরাও করে লিখিত অভিযোগ

গাজীপুর,প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৪:৫৪

শেয়ার

এক বছর ধরে গ্যাস সংকটে টঙ্গীর ৫৩ নং ওয়ার্ড বাসী,তিতাস অফিস ঘেরাও করে লিখিত অভিযোগ
ছবি: বাংলা এডিশন

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৫৩ নং ওয়ার্ডে দীর্ঘদিনের তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো বাসিন্দা। প্রায় এক থেকে দেড় বছর ধরে অধিকাংশ সময় গ্যাসের স্বল্পচাপের কারণে রান্নাবান্নাসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ অবস্থার স্থায়ী সমাধানের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।

রবিবার দুপুরে নারী-পুরুষসহ শতাধিক বাসিন্দা টঙ্গী তিতাস গ্যাস অফিসে গিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা “নো গ্যাস, নো বিল”সহ বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। পরে তিতাস কর্তৃপক্ষের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

লিখিত অভিযোগে বলা হয়, গ্যাস লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় দিনের অধিকাংশ সময় চুলায় গ্যাস পাওয়া যায় না। ফলে নিয়মিত বিল পরিশোধ করেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। অনেক পরিবার ব্যাংক ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করলেও গ্যাসের সুবিধা না পেয়ে অতিরিক্ত খরচে বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, বৈধ গ্যাস সংযোগ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এ সমস্যার কোনো কার্যকর সমাধান হয়নি। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বিক্ষোভে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের সহকারী প্রকৌশলী আব্দুল ওহাব বলেন, গত কয়েকদিন ধরে সারাদেশেই গ্যাসের সরবরাহে সংকট দেখা দিয়েছে। এর প্রভাব টঙ্গী এলাকাতেও পড়েছে। তবে স্থানীয়ভাবে অন্য কোনো কারিগরি সমস্যা থাকলে তা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



banner close
banner close