রবিবার

২৬ জুলাই, ২০২৬ ১১ শ্রাবণ, ১৪৩৩

এক হাজার টাকার জন্য তাঁত শ্রমিক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১৩:০২

শেয়ার

এক হাজার টাকার জন্য তাঁত শ্রমিক হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে ধার করা এক হাজার টাকা পরিশোধকে কেন্দ্র করে তাঁত শ্রমিক শুভকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রায় আট মাস পর প্রধান আসামি মো. শাহীন মোল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (২৬ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৫ জুলাই) রাতে র‌্যাব-১২ সদর কোম্পানি এবং সিপিএসসি, র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুর জেলার কালিয়াকৈর থানার আমবাগান ইউটার্ন এলাকায় অভিযান চালিয়ে শাহীন মোল্লাকে গ্রেপ্তার করেন। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মো. সাইফুল ইসলাম মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রধান আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসে ভুক্তভোগী শুভ শাহীন মোল্লার কাছ থেকে এক হাজার টাকা ধার নেন। পরে ওই টাকা ফেরত দেওয়ার জন্য বিভিন্ন সময় শাহীন মোল্লা ও তার সহযোগীরা শুভকে চাপ দিতে থাকেন।

এর ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৫ নভেম্বর তামাই গ্রামের একটি তাঁত কারখানায় কাজ করার সময় শুভকে ডেকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে শাহীন মোল্লা ও তার সহযোগীরা বাঁশ দিয়ে এলোপাথাড়িভাবে তার মাথায় আঘাত করে পালিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শুভকে উদ্ধার করে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে একই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শুভর বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।



banner close
banner close