হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মনতলা বিজিবি ক্যাম্পের পূর্ব পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সেতুটির পিলারের নিচের মাটি সরে যাওয়ায় এটি যেকোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটি বহরা ইউনিয়নের মানুষের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম। সেতুর পাশেই রয়েছে উপস্বাস্থ্য কল্যাণকেন্দ্র ও ভূমি অফিস। প্রতিদিন রোগী, শিক্ষার্থী, নারী, শিশু, বৃদ্ধসহ শত শত মানুষ এই সেতু ব্যবহার করেন। তবে বর্তমানে সেতুটির বেহাল অবস্থার কারণে জীবনের ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা দিলীপ দেব বলেন, সেতুটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। এবার পাহাড়ি ঢলের পানিতে পিলারের নিচের মাটি ধসে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। মানুষের নিরাপদ চলাচলের জন্য দ্রুত নতুন সেতু নির্মাণ অথবা জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটির অবস্থা খারাপ থাকলেও কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেয়া হয়নি। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেলেই সেতুটি আরও ঝুঁকির মুখে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, চলতি বর্ষায় পাহাড়ি ঢলে উপজেলার বেশ কিছু সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামোর তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে। বাজেট বরাদ্দ পাওয়া সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শুরু করা হবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত সেতুটি সংস্কার অথবা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:








