পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলাচলকারী একটি ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে এক নারী নিখোঁজ হয়েছেন।
শনিবার সন্ধ্যায় পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী 'কুমিল্লা' ফেরিতে এ ঘটনা ঘটে। রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ফেরির ভারপ্রাপ্ত মাস্টার আব্দুস ছাত্তার জানান, পাটুরিয়া ৩ নম্বর ঘাট থেকে ছেড়ে আসার পর মাঝনদীর লাল বয়া এলাকায় পৌঁছালে যাত্রীরা তাকে জানান, এক নারী ফেরির পেছনের দিক থেকে পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরিটি থামিয়ে ঘুরিয়ে ঘটনাস্থলে আলো ফেলে খোঁজাখুঁজি করা হয়। তবে রাত পর্যন্ত ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারী ফেরিতে একাই ভ্রমণ করছিলেন। তার সঙ্গে অন্য কোনো যাত্রী বা স্বজন ছিলেন না বলে জানিয়েছেন ফেরিতে থাকা অন্যান্য যাত্রীরা। পরে বিষয়টি দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও নৌপুলিশকে জানানো হয়।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ফেরি কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখনো নিখোঁজ নারীর সন্ধান মেলেনি। তিনি বলেন, পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার অভিযান পরিচালনায় কিছুটা বেগ পেতে হচ্ছে। স্পিডবোট ব্যবহার করেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
নিখোঁজ নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে উদ্ধারে নৌপুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:








