রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আকাশ মাহমুদ কালের কণ্ঠ–এর রাজবাড়ী জেলা (মাল্টিমিডিয়া) রিপোর্টার এবং এনপিবি নিউজের জেলা প্রতিনিধি। হামলার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ইজিবাইক চালকের দুর্ব্যবহারের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ঘটনার প্রেক্ষিতে শনিবার বিকেলে কয়েকজন ছাত্র প্রতিনিধি মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে চালকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন।
এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সাংবাদিক আকাশ মাহমুদের দাবি, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিওচিত্র ধারণ করছিলেন।
এ সময় কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তার মোবাইল ফোন থেকে ধারণ করা ভিডিও মুছে ফেলা হয়। পরে আবারও তাকে মারধরের চেষ্টা করা হলে তিনি দ্রুত সেখান থেকে সরে গিয়ে নিজেকে রক্ষা করেন।
আহত ছাত্র প্রতিনিধি সাগর শিকদার বলেন, মৈশালা-লাঙ্গলবাঁধ সড়কে চলাচলকারী ইজিবাইক চালকদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে।
পরীক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনার বিষয়ে জানতে গেলে তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে সাংবাদিক আকাশ মাহমুদসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হন।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত সাংবাদিক চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:








