শনিবার

২৫ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ, ১৪৩৩

মুফতি ফয়জুল করিমকে প্রবেশের অনুমতি, নেতাকর্মীদের বাধা; কুবিতে উত্তেজনা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ১৯:৫৫

শেয়ার

মুফতি ফয়জুল করিমকে প্রবেশের অনুমতি, নেতাকর্মীদের বাধা; কুবিতে উত্তেজনা
ছবি: বাংলা এডিশন

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রবেশের অনুমতি দিলেও তাঁর সঙ্গে আসা দলীয় নেতাকর্মীদের প্রবেশে বাধা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে প্রবেশে বাধাপ্রাপ্ত নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই জামাতে আসরের নামাজ আদায় করেন।

শনিবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও ইসলাহী ইজতেমায় অংশ নিতে মুফতি ফয়জুল করিম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে তাঁকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। তবে আগে থেকেই বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তাঁর সঙ্গে আসা দলীয় নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া হয়নি।

এ সময় নেতাকর্মীরা একসঙ্গে প্রবেশের চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কিছু নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করতে সক্ষম হলেও অধিকাংশই বাইরে থেকে যান। পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে।

পরে কেন্দ্রীয় মসজিদে প্রবেশের সুযোগ না পেয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই জামাতে আসরের নামাজ আদায় করেন।

এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, "আমরা শুধু মুফতি ফয়জুল করিমকে অনুমতি দিয়েছি। তবে বিশৃঙ্খলার আশংকায় বহিরাগতদেরকে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। যারা বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো ভাবেই সংশ্লিষ্ট নয় তারাই বহিরাগত।"



banner close
banner close