শনিবার

২৫ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ, ১৪৩৩

ঢলের পানিতে ভেঙে গেছে সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ

শেখ বেলাল,হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ১৩:৫২

শেয়ার

ঢলের পানিতে ভেঙে গেছে সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ছবি: সংগৃহীত

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ আন্দিউড়া-নোয়াহাটি সড়কের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। সড়কের বিভিন্ন অংশ দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এতে শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি ঝুঁকিপূর্ণ থাকলেও সংস্কারের কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। এবারের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রবল স্রোতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। কয়েকটি স্থানে সড়কের অংশ ধসে পড়েছে এবং কোথাও কোথাও গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশা, ইজিবাইকসহ ছোট যানবাহনের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পানি ও কাদা জমে রয়েছে। দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে বাঁশ ও গাছের ডাল দিয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করেছেন।

স্থানীয় ব্যবসায়ী সমীরণ সরকার বলেন, “এই সড়ক দিয়ে তেলিয়াপাড়া-নোয়াহাটি হয়ে খুব অল্প সময়েই মাধবপুর উপজেলা সদরে যাওয়া যেত। নোয়াহাটি বাজারের ব্যবসা-বাণিজ্যও এই সড়কের ওপর অনেকাংশে নির্ভরশীল। কিন্তু ঢলের পানিতে রাস্তার একাধিক স্থান ভেঙে যাওয়ায় এখন যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। এতে ব্যবসা-বাণিজ্যেও বড় ধরনের প্রভাব পড়ছে।”

ব্যবসায়ী মুর্শেদ মিয়াসহ স্থানীয়রা জানান, প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

সিএনজিচালক সুমন মিয়া বলেন, “আগে নিয়মিত এই সড়ক দিয়ে যাত্রী পরিবহন করতাম। এখন রাস্তার অবস্থা এতটাই খারাপ যে দুর্ঘটনার আশঙ্কায় চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এতে আমাদের আয়ও কমে গেছে।”

আন্দিউড়া গ্রামের সাবেক ইউপি সদস্য সাদেক মিয়া বলেন, শাহজাহানপুর ও আন্দিউড়া ইউনিয়নের শত শত মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। তাই দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি। এটি মেরামত করা হলে মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। বিভিন্ন স্থানে প্রয়োজনীয় কালভার্ট না থাকায় বৃষ্টির পানি ঠিকভাবে নিষ্কাশন হতে পারে না। ফলে প্রতিবছর ঢলের পানিতে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় স্থানে নতুন কালভার্ট নির্মাণ এবং টেকসই সংস্কার প্রয়োজন।

উপজেলা এলজিইডি কর্মকর্তা রেজাউন নবী জানান, বন্যা ও টানা বর্ষণে উপজেলার অনেক কাঁচা ও পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বরাদ্দ পাওয়া সাপেক্ষে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামত কাজ শুরু করা হবে। আন্দিউড়া-নোয়াহাটি সড়কটি দ্রুত সংস্কারের জন্যও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।



আরও পড়ুন:

banner close
banner close