শনিবার

২৫ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ, ১৪৩৩

‎চট্টগ্রামে শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার; স্বামী ‘প্লাস্টিক ফারুক’ পলাতক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ০৯:৩১

শেয়ার

‎চট্টগ্রামে শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার; স্বামী ‘প্লাস্টিক ফারুক’ পলাতক
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ফিশারীঘাট সংলগ্ন ভেড়া মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি মাসুমা পারভীন সীমা ওরফে শিমু (৪৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতঘর থেকে ৪০ পিস ইয়াবা, ৫০ পুড়িয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার স্বামী ওমর ফারুক ওরফে ‘প্লাস্টিক ফারুক’ পালিয়ে যেতে সক্ষম হন।

‎শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত প্রায় ২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎‎​পুলিশ জানায়, অভিযানের সময় সীমা পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে নারী পুলিশের সহায়তায় ঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের বালিশের নিচ থেকে ইয়াবা, গাঁজা ও টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমা স্বীকার করেছেন, কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে ইয়াবা এনে তিনি বাকলিয়া এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন।

‎‎​বাকলিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সীমার বিরুদ্ধে মাদক ও মানবপাচারসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। জামিনে মুক্ত হয়ে তিনি আবারও পুরোদমে মাদক কারবারে জড়িয়ে পড়েন।

‎‎​স্থানীয়দের অভিযোগ, সীমা ও তার স্বামী ‘প্লাস্টিক ফারুক’ দীর্ঘদিন ধরে ফিশারীঘাট এলাকায় মাদক ব্যবসা ও সরকারি খাসজমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। স্থানীয়রা প্রতিবাদ করলে তাদের হুমকি-ধামকি ও হয়রানির শিকার হতে হতো।

‎বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, গ্রেপ্তার সীমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার স্বামী ‘প্লাস্টিক ফারুক’-কে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close