শুক্রবার

২৪ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ, ১৪৩৩

বিজয়নগরে বিজিবির বড় অভিযান: ছয় টন ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যান আটক

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ২২:৫০

শেয়ার

বিজয়নগরে বিজিবির বড় অভিযান: ছয় টন ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যান আটক
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৬ হাজার কেজি ভারতীয় জিরা ও একটি কাভার্ড ভ্যান আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এ সময় কাভার্ড ভ্যানে থাকা এক ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে বিজয়নগর উপজেলার ইব্রাহীমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

পরে কাভার্ড ভ্যানে থাকা জিরার বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য বলা হলে সংশ্লিষ্ট ব্যক্তি তা দেখাতে ব্যর্থ হন। এ কারণে ভ্যানটি তল্লাশি করে ৬ হাজার কেজি ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটককৃত জিরা ও কাভার্ড ভ্যানের মোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি টাকা। জব্দকৃত মালামাল ও যানবাহন আখাউড়া কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জানায়, মহা-পরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।



আরও পড়ুন:

banner close
banner close