শুক্রবার

২৪ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ, ১৪৩৩

বাংলাদেশ সীমান্তে নিজেদের মধ্যে গোলাগুলি করে ২ বিএসএফ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ১৯:০২

শেয়ার

বাংলাদেশ সীমান্তে নিজেদের মধ্যে গোলাগুলি করে ২ বিএসএফ সদস্য নিহত
ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরে বিএসএফের একটি ক্যাম্পে সহকর্মীর গুলিতে দুই জওয়ান নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মালদার বিধাননগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ঘটনা ঘটে।

বিএসএফ সূত্রে জানা গেছে, অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্র। তিনি ছত্তিশগড়ের বাসিন্দা। হঠাৎ করেই তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকার বাসিন্দা ৫১ বছর বয়সী অজয় কুমার সিং এবং মহারাষ্ট্রের গড়চিরোলির বাসিন্দা ৩৭ বছর বয়সী আম্বাদার সুরেশ দারগু। আহত বিকাশ ব্রহ্ম (৪৪) পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার মোহান্দা গ্রামের বাসিন্দা। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নিহত ও আহত তিনজনই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য।

বিএসএফ জানিয়েছে, প্রায় এক বছর আগে একই জওয়ানের বিরুদ্ধে সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল। সে সময় বাহিনীর অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়। কয়েক দিন আগে সেই শাস্তির মেয়াদ শেষ হলে তাকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।

ঘটনার পর বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মালদার পুলিশ সুপার অনুপম সিং বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, বাহিনীর পক্ষ থেকেও পৃথক বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনার পর বৈষ্ণবনগর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



আরও পড়ুন:

banner close
banner close