শুক্রবার

২৪ জুলাই, ২০২৬ ৯ শ্রাবণ, ১৪৩৩

বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬ ১৬:১৮

শেয়ার

বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে: মিয়া গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

সংখ্যাগরিষ্ঠতার জোড়ে বিএনপি`র কর্তৃত্ববাদী মানসিকতা সৃষ্টি হয়েছে। গত ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ৫ কোটি মানুষ হ্যাঁ ভোটে সমর্থন দিলেও বিএনপি গণভোটকে উপেক্ষা করছে। বিএনপি 'জুলাই সনদ' বাস্তবায়ন না করে সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে, যা দেশকে চরম সংঘাতের দিকে ধাবিত করছে।

শুক্রবার নীলফামারী জেলা জামায়াত কার্যালয় আল হেলাল একাডেমিতে উপজেলা পর্যায়ে জামায়াত কর্মপরিষদ সদস্যদের নিয়ে দুদিন ব্যাপী শিক্ষাশিবির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এ সময়ে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। কিন্তু বিএনপি জনগণের রায়কে যথাযথভাবে মূল্যায়ন না করে রাজনৈতিক অস্থিতিশীলতার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের যে সুযোগ ‘জুলাই সনদ’-এর মাধ্যমে সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হবে। ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংঘাতের রাজনীতি নয়, বরং আলোচনা, সহনশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দেশের সমস্যার সমাধান সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের আস্থা অর্জনে নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা পলিটিক্যাল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।



আরও পড়ুন:

banner close
banner close