ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
শুক্রবার সকাল প্রায় ১১টা ৫০ মিনিটে শহরের গৌড় গোপাল আঙ্গিনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করবে, এ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এর আগে এমপি চৌধুরী নায়াব ইউসুফ শ্রীঅঙ্গনে প্রসাদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ফরিদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধি, মন্দির কমিটির সদস্য, ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে গৌড় গোপাল আঙ্গিনা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত, নারী-পুরুষ, শিশু-কিশোর এবং সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। ঢাক-ঢোল, করতাল, শঙ্খধ্বনি ও ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে পুরো শোভাযাত্রা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
উল্টো রথযাত্রাকে ঘিরে শহরে উৎসবের আমেজ বিরাজ করে। শোভাযাত্রার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ দাঁড়িয়ে তা উপভোগ করেন। ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।
আরও পড়ুন:








