ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। অস্ত্রটি কার, কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এসব বিষয় জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে র্যাব।
র্যাব-৯ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮:২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল নবীনগর উপজেলার কুলাসিন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি কাটা গাছের গোড়ার গর্তে খাকি কাগজ ও পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। অস্ত্রটি কে বা কারা সেখানে লুকিয়ে রেখেছিল, তা উদ্ঘাটনে র্যাবের গোয়েন্দা ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
র্যাব জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক অভিযানে তারা মোট ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, ৪টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলি ও ১৫৫টি এয়ারগান উদ্ধার করেছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও সন্ত্রাস, অবৈধ অস্ত্র এবং অপরাধ দমনে বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
আরও পড়ুন:








