নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৩০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চৌমুহন মিয়াপুর গ্রামের মো. মিলন প্রাং (৩৮) এবং জোনাইল বাজার এলাকার মো. নাজমুল হক (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে মোট ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩০ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, জব্দকৃত ইয়াবা ও নগদ অর্থের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃতদের নাটোরের আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে বড়াইগ্রাম থানা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। জিরো টলারেন্স নীতির আওতায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।"
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন:








