বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে মানসিক ভারসাম্যহীন রাকিব খন্দকার (৩৩) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় কয়েকজন যুবক।
মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে মাঝিড়া বন্দরে এ ঘটনা ঘটে। পরে বুধবার (২৩ জুলাই) তার স্ত্রী শাজাহানপুর থানায় একটি অঙ্গীকারনামা জমা দিয়ে স্বামীর উন্নত চিকিৎসা ও মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) ভর্তি করানোর আশ্বাস দিলে পুলিশ তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়। ওই অঙ্গীকারনামায় স্থানীয় কয়েকজন যুবকেরও স্বাক্ষর রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রাকিব খন্দকারের বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন পোস্ট দেয়ার অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় যুবকেরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয় যুবক মামুনুর রশিদ বলেন, আল্লাহ তাকে সুস্থতা ও হেদায়েত দান করুন। আরেক স্থানীয় যুবক আরমান বলেন, ছোটবেলা থেকেই আমরা তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে দেখে আসছি। এখন তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খোঁজখবর নিয়ে জানা গেছে, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। এছাড়া তিনি মাদকাসক্ত বলেও তথ্য পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসা ও রিহ্যাবে ভর্তি করানোর লিখিত অঙ্গীকার দেওয়ায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যরা চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।
আরও পড়ুন:








