ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ২৫ বোতল ইসকফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার (২২ জুলাই) দুপুরে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, উথারিয়াপাড়ার একটি টিনশেড ঘরে কয়েকজন মাদক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য মজুত করে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে দুপুর প্রায় ২টা ২৫ মিনিটে সেখানে অভিযান চালানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তার হেফাজতে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করলে, তার দেখানো মতে টিনশেড ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৫ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. দুলাল মিয়া (২৯)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার উথারিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল মিয়া জানান, সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তিনি নিজের হেফাজতে রেখেছিলেন।
র্যাব আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







